শিক্ষার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা
ফেনীর সোনাগাজী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোশাররফ হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি চরদরবেশ ইউনিয়নের আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষক।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা শিক্ষক বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে মাদ্রাসায় ঢুকিয়ে শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আলোকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।