লক্ষ্মীপুরে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন এবং জামায়াতের অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।
জামায়াত কর্মী ফিরোজ আলম অভিযোগ করে বলেন, ‘সকালে রিফুজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেন। পরে তারা বাজারের অপর পাশে ফেস্টুন লাগাতে গেলে পরিকল্পিতভাবে বিএনপি কর্মী শাহাজান লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তারা আহত হন।
অন্যদিকে আহত বিএনপি কর্মী মো. শাহাজান জানান, বিএনপির কার্যালয়ের সামনে ফেস্টুন লাগাতে আসায় তিনি নিষেধ করেন। এ সময় জামায়াত কর্মীরা তার ওপর হামলা চালিয়ে আহত করেন।
বিএনপি কর্মী কামাল হোসেন দাবি করেন, জামায়াতের লোকজন বিএনপির অফিসের সামনে ফেস্টুন লাগাতে গেলে মানসিকভাবে অসুস্থ শাহাজান বাধা দেন। এ সময় জামায়াত কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাকে মারধর করে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, ‘এর আগেও ওই এলাকায় শাহাজান দুই দফা ড. রেজাউল করিমের পোস্টার ছিঁড়েছেন। বৃহস্পতিবারও পরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর হামলা ও বাধা দেওয়া হয়।’
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, ‘শাহাজান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত করেছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’