Search

Search

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন | ছবি: সংগৃহীত
বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৯০০ ডলারে নেমে এসেছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ব্যাপক দরপতন দেখা গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। আর বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে।

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। স্বল্প সময়ের মধ্যে এমন বড় পতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যদিও টানা এই উত্থানের পর স্বাভাবিক সংশোধনের অংশ হিসেবেই দাম কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

তবে চলতি মাসে স্বর্ণের দাম টানা ষষ্ঠ মাসের মতো ঊর্ধ্বমুখী রয়েছে এবং এটি ১৯৮০–এর দশকের পর সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ব অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, পাশাপাশি মার্কিন ডলারের দীর্ঘস্থায়ী দুর্বলতা-এই দুই কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে বড় উত্থান দেখা গেছে।

এদিকে ভূরাজনৈতিক ঝুঁকি এখনো বেশ উঁচু অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই সিদ্ধান্ত মেক্সিকোর ওপরও বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বেড়েছে। ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনায় বসার আহ্বান জানালেও তেহরান পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং দ্রুত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

সম্পর্কিত খবর :