রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, প্রতি আউন্স ছাড়াল ৫ হাজার ২০০ ডলার
বৈশ্বিক অনিশ্চয়তা, নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি এবং ডলারের দীর্ঘস্থায়ী দুর্বলতার প্রভাবে বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এতে আউন্সপ্রতি স্বর্ণের দাম উঠেছে ৫ হাজার ২০০ ডলারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধমুখী প্রবণতা দেখা গেছে। রুপা ও প্লাটিনাম-দুটিই সাম্প্রতিক রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ৫ হাজার ২১৯ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে। এর আগে স্বর্ণ সর্বকালের সর্বোচ্চ দাম ২২৪ দশমিক ৯৫ ডলার স্পর্শ করেছিল।
প্রথমবারের মতো সোমবার স্বর্ণের দাম ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে।
বছরের শুরু থেকে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫ হাজার ২১৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নিরাপদ বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের দামের উত্থানে বড় ভূমিকা রেখেছে। ভেনেজুয়েলায় সামরিক তৎপরতা এবং গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যা সোনার বাজারে নিরাপদ বিনিয়োগের চাহিদা আরও জোরদার করেছে।