দেশের বাজারে কমল স্বর্ণের দাম
ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। ফলে দেশীয় হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।
একই সঙ্গে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২২ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান গ্রামপ্রতি মূল্য ১৯ হাজার ৩৫ টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।
সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে।