Search

Search

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম | ছবি: সংগৃহীত
ইরানে মার্কিন হামলার আশঙ্কা এবং কাজাখস্তানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে বিভ্রাটের কারণে উত্তোলন বন্ধে আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম।

ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড-উভয় ধরনের তেলের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদন সূত্রে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৮২ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৫ ডলার ৮৮ সেন্ট, যা ১৪ জানুয়ারির পর সর্বোচ্চ। একই দিনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬১ ডলার ৭ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ১ ডলার ৭১ সেন্ট বা ২ দশমিক ৯ শতাংশ বেশি এবং এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

ইরান দৈনিক ৩৩ লাখ থেকে ৩৪ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে, ওপেক সদস্য দেশগুলোর মধ্যে যা পঞ্চম। রপ্তানি করে ১৮ থেকে ২০ লাখ ব্যারেল।

এদিকে, উত্তেজনা কাজ করছে অন্যতম তেল উত্তোলক দেশ ভেনেজুয়েলার জ্বালানি খাত নিয়েও। প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানির বাজারে।

গত সপ্তাহের শুরুতে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থানের জেরে তেলের দাম বেড়েছিল। তবে বৃহস্পতিবার ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসা এবং সামরিক পদক্ষেপ নাকচ করায় তেলের দাম প্রায় ২ শতাংশ কমে যায়। কিন্তু ইরানের বিষয়ে তার অবস্থানের কারণে শুক্রবার দাম আবার বেড়ে যায়। শনি ও রোববার বিশ্ববাজার বন্ধ থাকে।

সম্পর্কিত খবর :