তারেক রহমানের পাশে বসার ভিডিও নিয়ে তুমুল আলোচনা, ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি
ময়মনসিংহের নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বসা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। তবে এই ভিডিও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাকিব। দিয়েছেন ব্যাখ্যাও। মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ছাত্রদল সভাপতি লিখেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা, তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। আমি কেডস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়, পরবর্তীতে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি।’
রাকিব লিখেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে, স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন।’
তিনি আরও লিখেন, ‘অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন।’
ফেসবুকে রাকিব লিখেন, ‘বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।’
সবশেষে তিনি লিখেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’