স্বরাষ্ট্রের সাবেক জনসংযোগ কর্মকর্তা অপুর জমি-ফ্ল্যাট জব্দ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর নামে থাকা ২টি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
নির্মাণাধীন দুটি ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে ৬০ লাখ টাকা, এছাড়া মিরপুরের সেনপাড়ার ফ্ল্যাটের জমির দাম ধরা হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শরীফ মাহমুদ অপুসহ অন্যান্য সদস্যদের ঢাকা জেলার সেনপাড়া পর্বতা মৌজায় একটি ১০ তলা বিল্ডিং নির্মাণাধীন রয়েছে। এই বিল্ডিংয়ে দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উক্ত সম্পদ স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য সম্পদ জব্দ করা প্রয়োজন।