সাবেক মন্ত্রী আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মানিলন্ডারিংয়ের অভিযোগে ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সিআইডির আবেদনের প্রেক্ষিতে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
সিআইডির ফাইন্যান্সসিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের উপপরিদর্শক মো. জুলফিকার আলী এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার অনুসন্ধান পর্যালোচনায় দেখা যায়, সন্দেহভাজন আমির হোসেন আমু ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশী বিদেশি মুদ্রা পাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটিত করেছে মর্মে প্রাথমিকভাবে অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানকালে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব খোলার তথ্য পাওয়া যায়। এসব ব্যাংক হিসাব খোলার তারিখ থেকে অদ্যাবধি হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তির নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে সর্বমোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা বর্তমানে স্থিতি রয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির হিসাব সমূহে দেশি-বিদেশি মুদ্রাপাচার বা হুন্ডি মাধ্যমে অর্থ লেনদেন করা হয়েছে ও অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার জন্য এসব লেনদেন করা হয়েছে মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়। এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানপূর্বক ন্যায় বিচার নিশ্চিত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসব ব্যাংক হিসাবসমূহ অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ/অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডি থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।