মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারি ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, গত কয়েকদিনে গ্রেপ্তারকৃত মাদককারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প জানতে পারে যে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে মাদক ব্যবসায়ী রাজু (৩৫)। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে টাউনহল রোড এলাকায় রাজুকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার চার সহযোগী- রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮) কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার হয় ১২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন।
গ্রেপ্তারকৃত সব আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ‘রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’