Search

Search

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর | ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপিরসাবেককমিশনার হাবিবুরসহ তিন জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এছাড়াও আলোচিত এ মামলায় পুলিশ কর্মকর্তা ইমরুল হাসানকে ৬ বছর ও শাহবাগের সাবেক ওসি আরশাদকে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি ৩ কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি আটজন। এর মধ্যে চারজনই পলাতক। বাকিদের সোমবার সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে এনেছে পুলিশ।

তারা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

হাবিব ছাড়া পলাতক অপর তিনজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হলো। এর আগে প্রথম মামলার রায়ও এই ট্রাইব্যুনাল থেকে এসেছিল। গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় এসেছিল।

ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলাটির অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি মামুন নিজের অপরাধ স্বীকার করে ওই মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়েছিলেন।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন (২০২৪ সালের ৫ আগস্ট) চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। পরে এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা করা হয়।

সম্পর্কিত খবর :