Search

Search

সংসদ নির্বাচন: সরকারি-বেসরকারির সমন্বয়ে চলবে জরুরি চিকিৎসা

স্বাস্থ্য অধিদপ্তর | সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশজুড়ে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুসারে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল টিম গঠন, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স, জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে কর্মস্থলে হাসপাতাল ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা চালু রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

সোমবার (২৫ জানুয়ারি) সকল মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্বাচনকালীন সময়ের জন্য জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১০/০২/২০২৬ তারিখ থেকে ১৫/০২/২০২৬ তারিখ পর্যন্ত নির্বাচনকালীন সময়ের জন্য জরুরি নির্দেশনাসমূহ প্রতিপালন করতে হবে।’

এতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ের জন্য প্রত্যেক সিটি কর্পোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি ও ইউনিয়ন পর্যায়ে ১টি মেডিকেল টিম গঠন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান/স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা/প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন। এ উপলক্ষে জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ করবেন।

এ সময় হাসপাতালে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখারও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠান প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকার কথা উল্লেখ করে নির্দেশনায় আরও বলা হয়েছে, তিনি ছুটিতে থাকলে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করবেন এবং নাম, পদবী, মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করবেন।

সম্পর্কিত খবর :