বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় বেশ কিছু দিন ধরেই প্রথমদিকে থাকছে বাংলাদেশের রাজধানী। বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা রাজধানী ঢাকার স্কোর এ সময়ে ছিল ৩১২ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২১৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।