শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) চেয়ারম্যানের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দুই দিনের সফরে আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। চট্টগ্রামে পৌঁছে সেখানে রাত্রিযাপন করার কথা রয়েছে তার।
আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই শুরু হবে তার ঝটিকা নির্বাচনী সফর। বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
দুপুর গড়িয়ে তিনি ফেনী পাইলট স্কুল মাঠে বিকেল ৪টায় জনসভা করবেন। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিকেল সাড়ে ৫টায়। জেলার সোয়াগাজী ডিগবাজির মাঠে সন্ধ্যা ৭টায় এবং দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
ঢাকা ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেবেন তিনি।
সফর শেষে রাত ২টায় গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে তার।
চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।