Search

Search

ভোটের বৈতরণী পার হতে বিজেপির ‘অস্ত্র’ বাংলাদেশি ইস্যু

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুসলিমবিরোধী বক্তব্যে প্রতিবাদের ঝড় বইছে ভারতে। এবার একই সুরে কথা বললেন দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি সরাসরি ব্যবহার করলেন বাংলাদেশি ইস্যু। অনুপ্রবেশের জন্য কংগ্রেসকে দায়ী করে অমিত শাহ বলেন, তাদের ঠেকাতে হলে বিশ্ব শর্মার সরকারের বিকল্প নেই।

মাস দুয়েক পরই আসামের বিধান সভা নির্বাচন। এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন মুসলিম ভোটাররা। সেটি আঁচ করতে পেরে ৪-৫ লাখ মুসলিম ভোটারকে তালিকা থেকে বাদ দেয়ার পদক্ষেপ নিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দেয়া উচিত বলেও সম্প্রতি মন্তব্য করেন তিনি। বিশ্ব শর্মার এমন বক্তব্যের প্রতিবাদ হচ্ছে ভারতের বিভিন্ন মহলে। বিক্ষোভও হয়েছে একাধিক স্থানে।

তবে, বিক্ষোভ-প্রতিবাদ হলেও বিশ্ব শর্মার সুরেই কথা বলেছেন অমিত শাহ। শর্মার চেয়ে কয়েক ধাপ এগিয়ে মুসলমানদের ইঙ্গিত করে নরেন্দ্র মোদি সরকারের এই মন্ত্রী জোড় গলায় বললেন, অনুপ্রবেশকারী ঠেকাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, শক্তিশালী করতে হবে বিশ্ব শর্মার হাতকে। অনুপ্রবেশের জন্য দায় চাপিয়ে দেন বিরোধী কংগ্রেসের ওপর।

তিনি বলেন, আসামের ৭ জেলায় অবৈধভাবে বসবাস করছে ৬৪ লাখ অনুপ্রবেশকারী। বিজেপি এই অনুপ্রবেশের সমস্যা শেষ করতে বদ্ধপরিকর। ২০ বছরের কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে ভরে গেছে আসম। এতে বদলে গেছে রাজ্যের জনবিন্যাস। আসামের ৭ জেলায় এখন অনুপ্রবেশকারীরা সংখ্যাগুরু। যাদের সংখ্যা অন্তত ৬৪ লাখ।

ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচলের সীমানার কাছে আসামের ধেমাজি জেলায় শুক্রবার এক অনুষ্ঠানে দেয়া তার বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, ভোটে জিততে বাংলাদেশি ইস্যুই মূল ‘অস্ত্র’ বিজেপির। কংগ্রেসকে একাধিকবার টার্গেট করে অমিত শাহ দাবি করেন, পরিস্থিতি ভয়াবহ। তাই বিজেপিকে ফের নির্বাচিত করার আহ্বানও জানান তিনি।

অমিত শাহ বলেন, আমি এটা কখনোই বলছি না যে, সাধারণ মানুষকেও অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে। আপনাদের হয়ে সেই কাজটা করবে বিশ্ব শর্মার সরকার। আপনারা চিন্তা করবেন না। আর অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের বাক্সেই জবাব দিতে হবে। যদি আপনারা আসামে অনুপ্রবেশ বন্ধ করতে চান, তাহলে বিজেপিকে ভোট দিন। তৃতীয়বারের জন্য এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করে বিশ্ব শর্মার হাত শক্তিশালী করুন।

আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই আসামে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। গত দুই মেয়াদে এ রাজ্যে ক্ষমতায় বিজেপি। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই এ রাজ্যে ঝাণ্ডা গেড়েছিল গেরুয়া শিবির। এবারও ঠিক একই ইস্যুতে ভর করে নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিজেপি।

সম্পর্কিত খবর :