Search

Search

'সময় ফুরিয়ে আসছে' জানিয়ে ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

বাঁ দিক থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে না এলে সামরিক হামলার হুমকি আবারও জোরালোভাবে সামনে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক বহর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, 'একটি বিশাল আর্মাডা ইরানের দিকে এগোচ্ছে। দ্রুতগতিতে, বিপুল শক্তি ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছে'।

তিনি আরও বলেন, 'আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তিতে পৌঁছাবে—কোনো পারমাণবিক অস্ত্র নয়। সময় ফুরিয়ে আসছে, বিষয়টি অত্যন্ত জরুরি। আমি আগেও বলেছি—চুক্তি করুন।'

ট্রাম্প সতর্ক করে বলেন, 'ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে পরবর্তী হামলা হবে এর আগের যেকোনো হামলার চেয়েও ভয়াবহ'।

বিশ্লেষকদের মতে, এটি গত জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার দিকেই ইঙ্গিত।

তবে ট্রাম্পের এই হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেন, 'হুমকির মধ্যে কোনো আলোচনা হতে পারে না'। তিনি জানান, ইরান নতুন করে কোনো আলোচনা শুরু করতে আগ্রহী নয় এবং সামরিক আক্রমণের হুমকি চলতে থাকলে আলোচনার প্রশ্নই ওঠে না'।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের ওপরও প্রভাব ফেলতে পারে।

সম্পর্কিত খবর :