‘আমাদের আঙুল ট্রিগারে’ ট্রাম্পকে সতর্কবার্তা ইরানের শীর্ষ কমান্ডারের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ফের ইরানকে সংলাপের জন্য আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালীন অবস্থায় দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তা মিত্র ইসরায়েলকে ‘যন্ত্রণাদায়ক’ ও ‘মর্মান্তিক’ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহম্মদ পাকপৌর।
ইরানের সেনাবাহিনীর অভিযাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার জেনারেল মোহম্মদ পাকপৌর গতকাল বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে বলেন, 'আইআরজিসি মনে করে যে ইরানে হামলার ব্যাপারে যাবতীয় বিভ্রান্তি থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের মুক্ত থাকা উচিত এবং গত বছর জুন মাসে তাদের চাপিয়ে দেওয়া ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান স্মরণে রাখা উচিত। তারা যদি সেই স্মৃতি ভুলে যায়— তাহলে খুবই দুঃখজনক ও মর্মান্তিক পরিণতি ভোগ করছে তাদের জন্য।'
লিখিত বিবৃতিতে বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বলতে চাই— ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস এবং আমাদের প্রিয় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙুল তাদের বন্দুকের ট্রিগারে আছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ইরান অনেক বেশি প্রস্তুত এবং আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শীর্ষ কমান্ডার ইন চিফের আদেশ পালনের জন্য তৈরি।'
গতকাল সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, 'ইরান পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। (ইরানের) পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলার মাধ্যমে সেই উদ্যোগ থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।'