Search

Search

জামায়াত দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন | ছবি: স্টার নিউজ
জামায়তে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিপক্ষে অবস্থান নেয়। তারা নারীদের ঘরে বসে থাকতে বলে। গার্মেন্টসে কর্মরত নারীদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে এই কথা সম্পূর্ণ বাটপারি। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না।

জামায়াতকে দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই দলটি বাংলাদেশকে পেছনের দিকে নিতে চায়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ সবাইকে সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না।

তিনি আরও বলেন, জামায়াত মানুষকে বিভ্রান্ত করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।

নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেকে হুমকি দিচ্ছে যে তুমি ধানের শীষের কথা বলবানা। এরকম বললে আপনারা আমাকে জানাবেন আমরা সাথে সাথে তাদের প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকার পরিষ্কারভাবে বলেছে এই নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সনাতনী ও হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একসাথে কাজ করবে।

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর :