Search

Search

‘আওয়ামী লীগ কর্মীকে জামায়াত বলে’ দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিলো বিএনপি

ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসাদুল হক নামের এক আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ীকে জামায়াত কর্মী বলে দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিয়েছে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর-ভাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আসাদুল হক দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাত ধরে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ভিডিওতে দেখা গেছে, আসাদুল জিনসের প্যান্ট পরে খালি গায়ে বসে আছেন। তার সামনে থাকা বালতি থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল মগে করে দুধ তুলে পাশে দাঁড়ানো বিএনপি প্রার্থী রেজা আহমেদের (বাচ্চু মোল্লা) হাতে দিচ্ছেন। পরে সেই দুধ দিয়ে রেজা আহমেদ আসাদুলকে গোসল করিয়ে দিচ্ছেন।

এ ব্যাপারে জানতে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী আসাদুল হক দৌলতপুর উপজেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি। চরের বালু মাটিতে মোটরসাইকেল চালানোয় পারদর্শী আসাদুলের মোটরসাইকেলে চড়ে গত উপজেলা নির্বাচনে চরাঞ্চলে ভোট করেছেন টোকেন চৌধুরী।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘২০১৬ সালে আসাদুল আমার ভোটও করেছে।’

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমীর ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের দলটির প্রার্থী বেলাল হোসেন বলেন, আসাদুল কর্মী হওয়া তো দুরের কথা আমাদের সমর্থকও না। ফেসবুকের ভিডিও দেখে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অন্য দলের সমর্থক। এই ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ছাড়া কিছুই না।

সম্পর্কিত খবর :