Search

Search

মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে ৪ পিস স্বর্ণের বার এবং সাথে ছোট ১টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।

৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের সর্বমোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেয়ার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর :