Search

Search

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে হামলার অভিযোগ

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর | ছবি: স্টার নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে থানা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও একাধিক গুলি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় পূর্ব সস্তাপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনা রাতেই এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন থানায় অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে কুতুবআইলের রবিন ওরফে পিস্তল রবিন, মিঠু, রবিনের ভায়রা খান, কিস্তি ওয়াসিম, বাপ্পি, রোহান, সোহেল ও মুন্নাসহ ১৮-২০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ শনিবার রাত ১১টায় তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালিয়ে দরজা ভেঙে চেয়ার টেবিলসহ আসবাবপত্রে ভাঙচুর চালায়।

এ সময় অফিস থেকে ১০ লাখ টাকা লুটে নেয় ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ৮-১০টি ঔষধের পিকআপ ও সিএনজি ভাঙচুর করে এবং শর্টগান দিয়ে প্রায় ১২-১৪ রাউন্ড ফাঁকা গুলি করেন। প্রত্যেকেই মাথা ও মুখ কাপড় দিয়ে বেঁধে হামলা চালিয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্টে দেশের পরিস্থিতি অবনতির কারণে পিস্তল রবিন ও মিঠুসহ তাদের সহযোগীদের নিয়ে থানা হতে আগ্নেয়াস্ত্র লুট করে। সেই অস্ত্র দিয়েই স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এসকে শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুল মান্নান জানান, হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তারা ঘটনার পরপরই আত্মগোপন রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর :