ইসলামী আন্দোলনকে কেস্কাকলে ফেলার চেষ্টা করা হয়েছিল: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে “কেস্কাকলে” ফেলার চেষ্টা করা হয়েছিল। এমন ষড়যন্ত্র করা হয়েছিল, হয় কেস্কাকলে পরতে হবে, না হয় একা হয়ে যাবে।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ-২ আসনের টংগিবাড়ীতে স্থানীয় প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘অন্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য প্রার্থীদের আসনে প্রার্থী না দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। যারা ইসলামী আন্দোলনকে একা করার চেষ্টা করে, আজ তারাই একা হয়ে গেছে। আলেম ওলামারা ইসলামী আন্দোলনের পক্ষেই রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন ঘোষণা করেছিল, ইসলামের পক্ষে একটা ভোট বাক্সের। সেই বাক্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইসলামের পক্ষে এখন একটাই ভোট বাক্স আছে, সেটা হাত পাখার বাক্স।’
কোনো রাজনৈতিক তল শরিয়াহ প্রতিষ্ঠার কথা বলেনি উল্লেখ করে তিনি বলেন, ‘একমাত্র ইসলামী আন্দোলনই শরীয়াহ প্রতিষ্ঠার কথা বলেছে। ইসলাম প্রিয় মানুষ তাই এ পক্ষেই রয়েছে।’ এ সময় তিনি সবাইকে হাতপাখার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মুন্সিগঞ্জ-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।