বগুড়াকে সিটি করপোরেশন ও যমুনায় দ্বিতীয় সেতুর প্রতিশ্রুতি জামায়াত আমীরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের সকল যৌক্তিক প্রস্তাব বাস্তবায়নে জামায়াত বদ্ধপরিকর। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামীতে সুযোগ পেলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার আলতাফুন্নেছা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়ার ক্রীড়া ঐতিহ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমীর বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম আজ অবহেলার শিকার। আমরা এই মাঠের মর্যাদা ফিরিয়ে দেব। এখানে আবারও আন্তর্জাতিক খেলা হবে। প্রয়োজনে মর্যাদার সাথে জীবন দেব, তবুও বগুড়ার ক্রীড়াঙ্গনকে ধ্বংস হতে দেব না।’
দেশের অর্থনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই লুণ্ঠিত অর্থ দেশে ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।’
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির কারণে আজ কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। জামায়াতের ইতিহাসে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই। আমরা একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।’
যুবকদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে 'বেকার তৈরির ফ্যাক্টরি' বানাতে চাই না। আমরা কর্মসংস্থান ও কলকারখানা তৈরি করে তাদের স্বাবলম্বী করতে চাই।’
নারী নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, কোনো লম্পট বা অপরাধীর জায়গা জামায়াতে হবে না এবং নারীরা পূর্ণ নিরাপত্তার সাথে কর্মক্ষেত্রে যাতায়াত করতে পারবেন।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বগুড়ার ৫টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, ‘অতীতের মতো ধোঁকাবাজির প্রতিশ্রুতি আমরা দেব না। সততা ও নিষ্ঠা দিয়ে আমরা আমাদের কথা রাখবো।’
সমাবেশে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।