‘ফ্যামিলি কার্ড’ ভুয়া: ডা. তাহের
বিএনপির প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ ভুয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, “‘ফ্যামিলি কার্ড’ ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।”
শুক্রবার (২৩ জানুয়ারি) কুমিল্লা-১১ আসনে ডা. তাহেরের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের চিওড়া স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দিবে না।’
সমাবেশে উপস্থিত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ভিন্ন মতের কাউকে পিন্ডি যেতে বলা হবে না।’
তিনি আরও বলেন, ‘আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে চিন্তা করে আসবেন। বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হয়েন।’
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।