দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে তিন গ্রামবাসী, ভাঙচুর-অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর, দোকানে হামলাভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার পাঁচানি গ্রামের হামিদুল ইসলামের সঙ্গে বালু ভরাট ও মাদক ব্যবসা বাধা দেওয়া ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।