সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, আইসিসিকে চিঠি পাঠাল বিসিবি
ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। এ জন্য বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। তবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কেন বাতিল করা হয়েছে, তা জানতে চেয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বিসিবি।
সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে খেলা দেখতে গিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘সোমবার সিদ্ধান্তটা এসেছে। এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। ওটা ভেতরের গোপনীয় বিষয়, কিন্তু আমরা জানতে চেয়েছি।’
আমজাদ হোসেন আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি, তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই।’
তিনি বলেন, ‘আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’
বিশ্বকাপ না খেলার সঙ্গে অ্যাক্রেডিটেশন মেলানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (ভারত) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। আর বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপেস্কটল্যান্ডকেঅন্তর্ভুক্ত করা হয়েছে।