Search

Search

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার উইলের

অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক | ছবি: সংগৃহীত
আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক। জাপানের বিপক্ষে ম্যাচে মাত্র ৫১ বলে সেঞ্চুরি করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন তিনি।

উইন্ডহোকে অনুষ্ঠিত ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন মালাইচুক। মাত্র ৫৫ বলে ১২টি চার ও ৫টি ছক্কায় ১০২ রান করে দলকে সহজ জয়ের পথে এগিয়ে নেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় তুলে নেয় এবং শিরোপা রক্ষার অভিযানে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জাপান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০১ রান। দলের পক্ষে ওপেনার হুগো তানি-কেলি ১৩৫ বলে অপরাজিত ৭৯ রান করেন। নীহার পারমারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়লেও, অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

অস্ট্রেলিয়ার হয়ে নাদেন কোরে দুর্দান্ত বোলিং করেন। ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে মালাইচুকের সঙ্গে প্রথম উইকেটে নীতিশ স্যামুয়েল ১৩৫ রানের জুটি গড়েন। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম ফিফটির রেকর্ডও ভাঙেন মালাইচুক। পরে ৫১ বলে শতক পূর্ণ করে গড়েন অনন্য কীর্তি।

শেষ পর্যন্ত স্যামুয়েল অপরাজিত ৬০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় হাতে থাকা ২০.৫ ওভার আগেই।

সম্পর্কিত খবর :