মৌচাকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম মারা হয়। এ ঘটনার পর আমরা ওই এলাকার কর্মসূচি দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।’
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত আছেন বলেও জানান তিনি।