Search

Search

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ | ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এছাড়া এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

রাজধানীর হোটেল লেকশোর-এ বিএনপির নির্বাচনী থিম সং-এর উদ্বোধনকালে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।’

তিনি বলেন, ‘ধানের শীষ নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।’

ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, ‘মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।’

অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :