চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘আমরা ফ্যামিলি কার্ড সুবিধাটি মূলত পরিবারের প্রধান নারীর হাতে দিতে চাই। এতে একজন নারী মানসিকভাবে শক্তিশালী অনুভব করবেন। চার কোটি পরিবারের মধ্যে যারা পিছিয়ে আছে, তাদের কার্ডের মাধ্যমে মাসে ২ থেকে আড়াই হাজার টাকা ক্যাশ অথবা চাল, ডাল, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হবে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান এসব কথা বলেন। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘গবেষণা বলে, নারীর হাতে রিসোর্স থাকলে তারা তা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং ছোটখাটো ব্যবসায় (যেমন-হাঁস-মুরগি পালন বা সেলাই মেশিন) বিনিয়োগ করেন। এটি ধীরে ধীরে নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা অনেক। প্রতি বছর ১০ লাখ মানুষ বিদেশে যায়, যার মধ্যে ৭ লাখই অদক্ষ। আমরা ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে মডার্ন করতে চাই। কেউ যদি কৃষিতে পড়েও ইলেকট্রনিক্সে আগ্রহী হয়, তবে তাকে সেই স্কিল এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানো হবে। যেমন জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় সেখানে দক্ষ তরুণদের বিশাল চাহিদা আছে। ৫-১০ বছরের বৈশ্বিক চাহিদা বুঝে আমরা তরুণদের দক্ষ করে গড়ে তুলব।’
স্বাস্থ্যসেবা নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা বেসিক মেডিকেল ও হাইজিন ট্রেনিং দিব। ফলে ছোটখাটো অসুখ-বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিতে পারবে। যখন কোনো অসুখ তাদের আয়ত্তের বাইরে মনে হবে, তখন তারা রেফার করবে। এই রেফারেল সিস্টেম আমরা আস্তে আস্তে গড়ে তুলব।’