Search

Search

জাল সনদে বিসিএসে চাকরি, ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) | সংগৃহীত

জাল স্নাতক সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। অভিযোগ রয়েছে, তারা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) আবেদনকালে ভুয়া তথ্য ও জাল স্নাতক সনদ দাখিল করেছিলেন।

দুদকের মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ তদন্তাধীন ছিল। পিএসসির নিজস্ব অনুসন্ধানে দাখিল করা সনদগুলোর সত্যতা পাওয়া যায়নি। ওই তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করেই কমিশন আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে।

তিনি আরও বলেন, ‘যাচাই-বাছাইয়ে প্রমাণ মিলেছে যে বিসিএসে আবেদনের সময় জমা দেওয়া সনদগুলো প্রকৃত নয়। এসব অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।’

সম্পর্কিত খবর :