কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত
কলম্বিয়ার পূর্বাঞ্চলে ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ১৫ জন যাত্রী ও ক্রু কেউই বেঁচে নেই। এ ঘটনায় দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
বিবিসি ও এএফপি জানিয়েছে, কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে প্লেনটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।
পরে এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ার পরিবহনমন্ত্রী মারিয়া ফের্নান্দা রোহাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা জানি, এটি সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য অত্যন্ত কঠিন সময়। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রয়োজনীয় দায়িত্ব, প্রোটোকল ও প্রক্রিয়া অনুসরণ করছি, যাতে দায়িত্বশীল ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো যায়।’
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভে পেত্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।
নিহতদের মধ্যে ছিলেন কলম্বিয়ার চেম্বার অব ডেপুটির সদস্য ৩৬ বছর বয়সী প্রতিনিধি ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো।