বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৬
বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার। দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদসংস্থা পিটিআই এবং অজিতের এক ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে (ডিজিসিএ) উদ্ধৃত করে জানিয়েছে, বিমানে থাকা ছয় আরোহীরই মৃত্যু হয়েছে।
ওই বিমানে ছিলেন শরদ পওয়ারের ভাতিজা অজিত। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ছবি-ভিডিওতে দেখা যায়, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে পুলিশকেও উপস্থিত হতে দেখা যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাগাটবন্ধন’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।