Search

Search

ভারতে ‘বাংলাদেশি বলে’ মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশে এক মুসলিম শ্রমিককে ডানপন্থী হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মঞ্জুর আলম লস্কর (৩২) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর (বা গড়খালি) গ্রামের বাসিন্দা ছিলেন মঞ্জুর আলম লস্কর। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। তাকে বারবার বাংলাদেশি আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল।

মঞ্জুর আলম লস্করের পরিবারের দাবি, মঞ্জুরকে অপহরণ করে রাখা হয়েছিল। মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে মঞ্জুরের স্ত্রীকে ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণের দাবি জানানো হয়। স্বামীর প্রাণনাশের আশঙ্কায় পরিবার কোনোভাবে ৬ হাজার রুপি জোগাড় করে অনলাইনে পাঠায়। কিন্তু বুধবার রাতে পরিবারকে জানানো হয় যে, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

মঞ্জুরের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি তৃণমূল কংগ্রেসেরও নেতা। তিনি অভিযোগ করে বলেন, ‘হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং হিন্দুত্ববাদী দুর্বৃত্তরাই ঘটিয়েছে। অজ্ঞাত নম্বর থেকে ফোন করা ব্যক্তি এবং তার সহযোগীরা আমার ভাইকে হত্যা করেছে।’

পরিবারের সদস্যরা পরে জানতে পারেন, প্রথমে মঞ্জুরকে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হয়, এরপর তাকে একটি চুরির মামলায় জড়ানো হয় এবং শেষে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মঞ্জুরের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবিলম্বে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর :