Search

Search

‘কুসুম’ চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের পর জয়া আহসান | কোলাজ
বছরের শুরুতেই অভিনয়ের ক্যারিয়ারে আরও একটি গৌরবময় সাফল্য অর্জন করলেন অভিনেত্রী জয়া আহসান।

কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তেঅনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার উঠেছে তার হাতে।

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লিখেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’

এ পোস্টে ভক্তদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং সংস্কৃতি-কর্মীদের শুভকামনার জোয়ারে ভাসেন অভিনেত্রী।

‘পুতুলনাচের ইতিকথা’র ‘কুসুম’ চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে জয়া বলেছিলেন, ‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা-বাসনা রয়েছে, যা সে লুকোয়না। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব এক রকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটিচরিত্র।’

জয়া জানান, অনেক আগে শুটিং করলেও কুসুম এমন একটি চরিত্র যা তার ভেতরে এখনও রয়ে গেছে।



ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪-৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। প্রকাশের ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। গতআগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’।

উপন্যাস থেকে পর্দায় কুসুম, শশী, কুমুদ, যাদব আর সেনদিদির চরিত্র ধারণ করেছেন জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

সম্পর্কিত খবর :