নেত্রকোণা-২
বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী
নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে তিনি ও তার দল এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার কথা জানান।
সংবাদ সম্মেলনে গাজী আব্দুর রহীম বলেন, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোণা-২ আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে—এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য।
নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত হয়ে জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল তাদের সঙ্গে রাজনৈতিক মোনাফেকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।