ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা অস্ত্রসহ আটক
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাহবুবুর রহমান (সজিব) বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার ( ২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে মাহবুবুর রহমানের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযানপরিচালনা করে। অভিযানে দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজকরছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীনরয়েছে।