Search

Search

কেন্দুয়ায় ঘোড়া প্রতীকের কর্মীকে মারধর করার অভিযোগ ধানের শীষ কর্মীদের বিরুদ্ধে

কেন্দুয়া থানা | স্টার নিউজ
নেত্রকোণা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়ার ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানোর সময় এক কর্মীকে প্রচার কাজে বাধা দেয়াসহ পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুনি গ্রামে ধানের শীষের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে জানা গেছে।

মারপিটে আহত ব্যক্তি হলেন, রবিকুল ইসলাম (৩০)। তিনি মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

আহত রবিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে রবিকুল ও রুবেল মিয়া দুজন মিলে বাইগুনি গ্রামে ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ ১০-১৫টি মোটরসাইকেলে করে ধানের শীষ প্রতীকের ২০-৩০ জন কর্মী সমর্থক সেখানে গিয়ে হাজির হয়ে ঘোড়ার প্রচারণায় বাধা দেয়। একপর্যায়ে রুস্তম আলী ও কালা মিয়া বাঁশের টুকরো দিয়ে পিটিয়ে রবিকুলকে আহত করে এবং তার সাথে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গেলে হামলাকারীরা ঘোড়ার কর্মীকে হুমকি দিয়ে চলে যায়।

রবিকুল ইসলাম সাথে থাকা রুবেল মিয়া বলেন, 'আমি একই গ্রামের অন্য একটি বাড়িতে ঘোড়ার লিফলেট বিতরণ করছিলাম। রবিকুলকে মারপিট করার বিষয়টি শুনে তার কাছে ছুটে যাই এবং তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি'।

এই বিষয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সাথে কথা বললে তিনি বলেন 'এইটা প্রথমবার নয় এর আগেও বিএনপির সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা করে ও প্রচারণায় বাধা সৃষ্টি করেছে। আমি প্রশাসনকে এই বিষয়ে অবগত করেছি তারা আমাকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলে। একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের না হওয়ার জন্য বিএনপির সমর্থকরা বারবার পাঁয়তারা করছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।'

এই ব্যাপারে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে কথা বললে তিনি স্টার নিউজকে বলেন, 'এটি নিছক একটি ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। কোথাও কোনো ব্যক্তিগত কোন্দল হলেও সেটি বিএনপির সমর্থকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবে কারও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার কোনো ঘটনায় বিএনপির কর্মী সমর্থকরা জড়িত নয়।'

সম্পর্কিত খবর :