ফরিদপুরে ৬৯৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যমানের ৬৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৫ মিনিটে র্যাবের দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢাকা-গোপালগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায়।
এসময় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের মোট ৬৯৮৫ (ছয় হাজার নয়শত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নাঈম সরকার (২৪) এবং মো. সরিফুল ইসলাম (২৩)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার সরিফুল ইসলামের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আযাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।