অন্তরা হুদা এবার নির্বাচন করছেন ঢাকা-১ আসন থেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয়ের পর এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন অন্তরা সেলিমা হুদা।তবে এবারের নির্বাচনে তিনি কোনো দলীয় ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন।
এর আগে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক যোগাযোগমন্ত্রী ও তার পিতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপি-এর হয়ে ‘সোনালী আঁশ’ প্রতীকে মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচন করেছিলেন।
সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। মহিউদ্দিন আহমেদ ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর (ট্রাক প্রতীক) পেয়েছিলেন ৬১ হাজার ৫৪০ ভোট। এমনকি সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরীও কুলা প্রতীকে ১৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে অন্তরা হুদার চেয়ে অনেক এগিয়ে ছিলেন।
সেই নির্বাচনে অন্তরা মাত্র ৬ হাজার ৩৩৭ ভোট পেয়েছিলেন, যা মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশের চেয়ে অনেক কম হওয়ায় তিনি তার জামানত হারিয়েছিলেন।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের অন্তত ১২.৫% ভোট পেতে হয়। কিন্তু মুন্সিগঞ্জ-১ আসনে প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বৈধ ভোট পড়লেও অন্তরা হুদা প্রয়োজনীয় ২১ হাজার ভোটের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হন।
তৃণমূল বিএনপির রাজনীতি থেকে সরে এসে এবার ঢাকা-১ আসনে স্বতন্ত্র হিসেবে তার এই নতুন পথচলা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ঢাকা-১ আসনটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত। এখানে অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী অন্তরার অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।