তারেক রহমানকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, কারাগারে যুবক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে টাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম মোস্তফা উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।
পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, ‘গোলাম মোস্তফা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।’