ঢাবির শোকজ নোটিশের জবাব দিলেন ৮৩ ছাত্রলীগ নেতা
জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪০৩ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘কারণ দর্শানোর নোটিশ (শোকজ)’ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৮৩ জন নোটিশের জবাব দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব কেউ লিখিতভাবে, কেউ আবার অনলাইনের মাধ্যমে জমা দিয়েছেন। এসব জবাব আসন্ন শৃঙ্খলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এরপর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার প্রেক্ষিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের জারি করা নোটিশে বলা হয়, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রক্টর অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।