তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ
ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে আবারও ডিম ছোড়া হয়েছে। রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে মঙ্গলবার দুপুরের এই ঘটনা তারেক রহমানের সম্মতিতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানে হাসিনাকে হটিয়েছি, আর মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারব না? এসব ভয়ভীতি দিয়ে আমাদের আটকানো যাবে? এমনটি ভাবলে ভুল হবে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকা শহরে বড় হয়েছি। আমরা মির্জা আব্বাসের ইতিহাস জানি। মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা আর ৩০ টাকা দিয়ে জিয়াউর রহমান বলেছিলেন, “আমার সঙ্গে রাজনীতি করো। নির্বাচনে কাজ করো।” সেখান থেকেই তার রাজনীতির যাত্রা শুরু। বিএনপির রাজনীতি করেই ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করেছেন মির্জা আব্বাস। সেই সাম্রাজ্য কীভাবে হয়েছে সেটা দেশের মানুষ জানে। জুলাই গণঅভ্যুত্থানের পরই তাদের উচিত ছিল দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।’