Search

Search

যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি: তারেক রহমান

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের সামনে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গঠনে কাজ করতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।’

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের সামনে নির্বাচনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণ পরিবর্তন চাইলেও পায়নি, দেশের মানুষ রাজনৈতিক অধিকার চায়।’

তিনি বলেন, ‘দেশের ফিরে বলেছিলাম “উই হ্যাভ আ প্ল্যান”। মানুষের কল্যাণের জন্যেই পরিকল্পনার কথা বলেছে বিএনপি। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।’

বক্তব্যের শুরুতে তারেক রহমান বললেন, ‘অনারা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।

তিনি বলেন, ‘আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।’

তারেক রহমান বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’

অতীতের মতো এবারও ভোট ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি গণতন্ত্রে বিশ্বাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর :