পল্লবীতে অবৈধ অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মুন্না গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকা থেকে সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্না নামের একজনকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, ভাগিনা মুন্না শীর্ষ সন্ত্রাসী।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৪।
র্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না অস্ত্রসহ নাশকতা করার জন্য পল্লবী এলাকায় প্রবেশ করে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে তুরাগ থানাধীন হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকানো অবস্থায় রাখা একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র সে রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক এবং ক্যান্টনমেন্ট থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি, এসব অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত করতো।
গ্রেপ্তার মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা ও ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।