Search

Search

সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা: চার মাসে ২২৫টি কাজ করেছি

ফাইল ছবি/সংগৃহীত
দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের কল্যাণে মোট ২২৫টি কাজ ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করেছেন ডাকসু নেতারা।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত ‘ডাকসুর চার মাস: কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যবিবরণী’ এবং ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ শীর্ষক দুটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

চার মাসের কার্যবিবরণী উপস্থাপন করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার দিন থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার অঙ্গীকার করেছি। সেই ধারাবাহিকতায় আজ চার মাসের কাজের পূর্ণ হিসাব তুলে ধরছি।’

তিনি জানান, ডিসেম্বর মাসে ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের মাধ্যমে দুই মাসের কাজ তুলে ধরা হয়েছিল। আজ চার মাসে গৃহীত সব কাজ ও উদ্যোগের পাশাপাশি সেগুলোর ডকুমেন্টেশন হিসেবে দুটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।

এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া সব প্যানেলের ইশতেহার পর্যালোচনা করে প্রত্যেকটির গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। কোনো ইশতেহার নেই যেখানে আমরা কাজ করিনি বা উদ্যোগ নেইনি। এরপরও শিক্ষার্থীরা যদি কোনো ঘাটতি দেখেন, সেটি জানালে আমরা কাজ করবো।’

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘বাজেট সংকট ও প্রশাসনিক অসহযোগিতার মধ্যেও ডাকসু কাজ চালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে ডাকসুকে অকার্যকর করে রাখার চেষ্টা হয়েছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর বন্ধ রাখতেই এই কাঠামো তৈরি করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বাজেট না পাওয়ার অজুহাতে বসে না থেকে অ্যালামনাই, রিসোর্স পারসন ও দাতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আজ পর্যন্ত ৩৩টি খাতে প্রায় ২২৫টি কাজ সম্পন্ন করেছি। এর বিস্তারিত তথ্য ওয়েবসাইট ও বুকলেটে দেওয়া হয়েছে।’

ভিপি সাদিক কায়েম বলেন, ‘এই সংবাদ সম্মেলন শুধু আনুষ্ঠানিক নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করে। আমরা এমন জবাবদিহিতামূলক সংস্কৃতি চাই, যেখানে স্পষ্টভাবে বলা হবে—কী করা হয়েছে, কী করা হয়নি।’

সংবাদ সম্মেলনে জানানো, চার মাসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—

১. প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচন অন্তর্ভুক্তির প্রস্তাব
২. শেখ হাসিনার আজীবন সদস্যপদ–সংক্রান্ত রেজুলেশন বাতিল
৩. আড়াই কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদ সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
৪. নতুন ছাত্রী হল নির্মাণ ত্বরান্বিত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা
৫. মেডিকেল সেন্টার পূর্ণ সংস্কার ও নতুন অ্যাম্বুলেন্স সংযোজন
৬. বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
৭. গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট ও ভাষা প্রশিক্ষণ কার্যক্রম
৮. পরিবহন খাতে নতুন বাস, ইলেকট্রিক শাটল ও সান্ধ্যকালীন বাস ট্রিপ চালু

এছাড়াও সাংস্কৃতিক, সাহিত্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী নিরাপত্তা ও ক্রীড়া খাতে একাধিক কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডাকসুর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :