ভোটে উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশা পররাষ্ট্র উপদেষ্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচনের সময় বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন কিছু সহিংসতা ঘটতে পারে।
রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এবং আশঙ্কা প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসছে জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।’
তিনি বলেন, ‘৯১ থেকে এখন পর্যন্ত সব নির্বাচনেই সহিংসতা ছিল। সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।’
তবে এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এজন্য সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব আছে এবং সাংবাদিকদের নিরাপত্তাও খুব জরুরি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া গণভোটে হ্যাঁ ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে “হ্যাঁ” ভোট নিয়ে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল, যেহেতু বড় দলগুলো এখন “হ্যাঁ” ভোটের পক্ষে, তাই আমার মনে হয় এটি খুব সহজেই পাস হবে।’