তারেক রহমান ময়মনসিংহে যাচ্ছেন মঙ্গলবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহসহ আশেপাশের জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে তারেক রহমান রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশ শেষ করে ঢাকা পথে ফেরার সময় তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত জনসভায় তিনি নির্বাচনী বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে রাত ৮টায় তার গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।
আর আগে তারেক রহমান সিলেট ও চট্টগ্রাম বিভাগে নির্বাচনী জনসভায় বক্তব্য নেন।