রণবীরের 'অ্যানিমেল' সিক্যুয়েল কবে আসবে? জানালেন অভিনেতা নিজেই
বলিউড তারকা রণবীর কাপুরের অ্যানিমেল মুক্তির পর থেকেই এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের মাঝে জল্পনা তুঙ্গে। যদিও ছবির প্রথম কিস্তিতেই সিক্যুয়েলের ইশারা দিয়েছিলেন পরিচালক সন্দিপ রেড্ডি ভাঙ্গা। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
হলিউড ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় অভিনেতা রণবীর কাপুর জানান, অ্যানিমেলের সিক্যুয়েল আসবে এটা সত্যি। নাম রাখা হয়েছে অ্যানিমেল পার্ক। তবে সিনেমার শ্যুটিং এখনও শুরু হয়নি। ২০২৭ সাল নাগাদ ছবির কাজ শুরু হতে পারে বলে জানান এই তারকা।
এর কারণ হিসেবে রণবীর জানান, পরিচালক সন্দিপ রেড্ডির মাথায় প্রথম থেকেই সিক্যুয়েলের বিষয়টি ছিল। কিন্তু বর্তমানে তিনি একটি অন্য প্রোজেক্টে ব্যস্ত থাকায় সিমেনার কাজ শুরু করতে পারছেন না।
আসন্ন সিক্যুয়েল সম্পর্ক আরও কিছু তথ্য জানান রণব্বির। তিনি বলেন, 'সিনেমার স্ক্রিপ্টের কাজ এখনও চলছে। পরিচালক ভাঙ্গা এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আরও বিস্তর পরিসরে ভাবছেন। সিনেমার গল্পকে তিনি কয়েকটি ভাগে বিভক্ত করার চিন্তাও করছেন'।
তবে সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ কী হবে এ ব্যাপারে রণবীর জানান, এতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। অর্থাৎ তাকে নায়ক এবং প্রতিপক্ষ দুই চরিত্রেই দেখবেন দর্শক।
২০২৩ সালে অ্যানিমেল বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও এর বেশ কিছু সহিংস চিত্রের জন্য বেশ সমালোচিত হয়। তবে সব আলচনা ছাপিয়ে ব্যাপক দর্শক প্রিয়তা পায় এই সিনেমাটি।