নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে লালমনিরহাটে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ১৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরের পর উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইতাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াত একে অপরকে দোষারোপ করছে।
স্থানীয়রা জানান, জামায়াতের নারী কর্মীরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বহিরাগত বলে অভিযোগ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো.আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ ছাড়াও র্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয়।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।